
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরৈয়া, বারশত, রায়পুর ও সরেঙ্গা গ্রামের অধিকাংশ সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত মাটি কাটার গাড়ি চলাচলের কারণে পিচঢালা সড়কগুলো এখন কাদামাটিতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ চললেও এসব গাড়ি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ভারী যানবাহন সড়ক দিয়ে চলাচল করছে। এতে করে সড়কের উপরিভাগ নষ্ট হয়ে কাদা জমে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, ফলে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত মাটি কাটার গাড়ির অবাধ চলাচল বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।