1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রাজশাহীর হিমাগারগুলতে লাখ লাখ আলুর বস্তার স্তুপ, দুশ্চিন্তায় শত’শত আলু চাষিরা!

নিজস্ব প্রতিবেদক!
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক!

বাজারে নতুন আলু উঠতে আর মাত্র কয়েক মাস বাকি। অথচ এখনো রাজশাহীর হিমাগারগুলোতে গত মৌসুমে হিমায়িত করে রাখা লক্ষ লক্ষ বস্তা আলুর অর্ধেকেরও বেশি পড়ে আছে। উৎপাদন ও সংরক্ষণ খরচের তুলোনায় বাজারে আলুর দাম অনেক কম। আলু বাজারে বিক্রয় হচ্ছে মাত্র ৮ থেকে ১২ টাকা কেজি দরে। অথচ এর উৎপাদন খরচ প্রায় ২৫ থেকে ২৭ টাকা। ফলে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে ১২ থেকে ১৫ টাকা।

একদিকে হিমাগারে স্টক আছে লাখ লাখ বস্তা আলু, অন্যদিকে সংরক্ষণের সময় সীমা শেষ হয়ে আসছে। বাজারে বিক্রি করলেও লোকসান, হিমাগার থেকে বের না করলেও বিপদ। এমন পরিস্থিতিতে পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কায় রয়েছেন রাজশাহীর আলুচাষি ও ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, চলমান লোকসানের কারণে আগামী মৌসুমে আলুর চাষও কমে যেতে পারে।

আলু চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে লাল আলু বিক্রয় হচ্ছে কেজিপ্রতি ৮ থেকে ১২ টাকা এবং সাদা আলু ১১ থেকে ১২ টাকা কেজি দরে, অথচ উৎপাদন, পরিবহন ও হিমাগারে সংরক্ষণসহ প্রতি কেজি আলুর ব্যায় হয়েছে ২৫ থেকে ২৭ টাকা। অর্থাৎ উৎপাদন ও সংরক্ষণে বিনীয়োগ করা অর্থের অর্ধেকও উঠছে না। এতে চাষি ও ব্যবসায়িদের লোকসানের পরিমাণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহী জেলাতে মোট ৩৬ টি আলুর হিমাগার রয়েছে। হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, এসব হিমাগারে এখনো ৫০ শতাংশের বেশি আলু মজুত আছে। নতুন আলু বাজারে আসার আগে পুরোনো আলুর এই বিশাল মজুত বিক্রি করতে না পারলে, সংকট আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আলু চাষী ও ব্যবসায়ীরা।

এরই মধ্যে আলু সংরক্ষণের সময়সীমা শেষ হয়ে আসছে। সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ করা হয়। তবে চাষি ও ব্যবসায়িদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে অনেক হিমাগার কর্তৃপক্ষ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে আলু বের করা না হলে নিলামে বিক্রয় অথবা ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে লোকসানের পাশাপাশি সংরক্ষিত আলু হারানোর আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।

পবা উপজেলার বায়া এলাকার আলু ব্যাবসায়ী হেলাল আলী বলেন, আর মাত্র এক মাস। ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আমাদের আলু নিয়ে যেতে বলেছেন। এই সামান্য সময়ের মধ্যে আমরা এতগুলো আলু কীভাবে নিয়ে যাব? বাজারে আলুর দাম নেই। ক্লোডস্টোরেজে এখনো আমাদের ৬০ শতাংশ আলু মজুদ আছে।

তিনি আরও বলেন, ‌আলুর দাম এত কম যে বিক্রি করলে খরচ উঠছে না। এখন ক্লোডস্টোর থেকে আলু বের করে বিক্রি করলে লোকসান, আর না বের করলে হিমাগার থেকে আলু নিয়ে যাওয়ার চাপ। আমরা দুই দিক থেকেই বিপদে পড়েছি।”

আরেক ব্যবসায়ী সামসুদ্দিন বলেন, গতবার আমি ১৬০ বস্তা আলু কিনেছিলাম। এখনো ৯০ বস্তা আলু স্টোরে পড়ে আছে। সামনে আবার নতুন আলু উঠবে। আমরা দুশ্চিন্তায় আছি। আলুর এই দামে আমাদের অনেক লোকসান হবে।
তিনি জানান, আলু ক্রয় করার সময় যে মূল্য ছিল, এখন তার অর্ধেক মূল্যও পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে ব্যবসার টাকা হিমাগারে আটকে থাকায় নতুন করে আলু কেনার সামর্থ্যও কমে যাচ্ছে। এতে একদিকে পুরোনো বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে নতুন মৌসুমে ব্যবসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে উঠছে।

ব্যবসায়ীদের পাশাপাশি একই সংকটে পড়েছেন আলু চাষিরাও। উৎপাদন খরচ মেটাতে না পেরে অনেকেই এখন ঋণ ও আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

তানোর এলাকার আলু চাষি রহিম আলী বলেন, তামান্না ক্লোড স্টোরে আমার আছে। ২০০ বস্তা রেখেছিলাম, লোকসান করে ৮০ বস্তা বিক্রয় করেছি, এখনো ১২০ বস্তা আলু আছে। হাতে আছে মাত্র এক মাস। এই এক মাসে এতগুলো আলু কোথায় বিক্রি করব? এত লোকসান কি মেনে নেওয়া যায়?

তিনি আরও বলেন, লাভের আশায় লাখ লাখ টাকা খরচ করে আলু চাষ করেছিলাম। এখন সেই টাকা উঠছে না। আলু বিক্রয় করে খরচের টাকা না পেলে, সামনে মৌসুমে কীভাবে চাষ করব?, সেই দুশ্চিন্তায় আছি।

ব্যবসায়ীদের আশঙ্কা, কয়েক বছর ধরে ধারাবাহিক লোকসানের কারণে আগামী মৌসুমে আলুর আবাদ কমিয়ে দিতে পারেন অনেক চাষি। কারণ, উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পেয়ে তাদের হাতে নতুন করে চাষাবাদের জন্য প্রয়োজনীয় মূলধন থাকছে না। এতে আগামী মৌসুমে আলুর উৎপাদন ও বাজারে সরবরাহের ওপরও প্রভাব পড়তে পারে।

পবা উপজেলার তকিপুর আসমা কোল্ড স্টোরেজের ম্যানেজার আশরাফ আলী বলেন, আমাদের কোল্ড স্টোরেজে এক লাখ ৪০ হাজার বস্তা আলুর ধারণক্ষমতা। বর্তমানে ভেতরে আলু আছে প্রায় ৫৬ হাজার বস্তা। আমরা ব্যবসায়ীদের কথা চিন্তা করে ডিসেম্বর পর্যন্ত আলু রাখব। এর মধ্যে সব ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হবে, যাতে তারা আলু বের করে নেন।

অন্যদিকে রহমান স্পেশাল কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক বলেন, আমাদের স্টোরে ৫ লাখ ৭৫ হাজার বস্তা আলু ধারণক্ষমতার মধ্যে বর্তমানে আলু রয়েছে ২ লাখ ৪৫ হাজার বস্তা। ৩০ নভেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের সময়সীমা রয়েছে। আমরা আশা করছি, ব্যবসায়ীরা তার আগেই আলু নিয়ে যাবেন। তবে কিছুদিন থেকে আলু ভালোই বের হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহীর আলু খাত এখন বড় ধরনের আর্থিক সংকটের মুখে। হিমাগারে পড়ে থাকা বিপুল পরিমাণ আলু, উৎপাদন ও সংরক্ষণ ব্যয়ের তুলনায় অস্বাভাবিক কম বাজারদর এবং সংরক্ষণের সময়সীমা ঘনিয়ে আসায় দুশ্চিন্তাই পড়েছেন রাজশাহী অঞ্চলের আলু চাষিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট