1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জামালপুরে জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসিতে সাফল্য, গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ৬২ দশমিক ২২ পয়েন্ট অর্জন করেছে। এ সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে কলেজে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কলেজ সূত্রে জানা যায়, এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং কলেজ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে সাপ্তাহিক পরীক্ষা, পাঠদানের অগ্রগতি পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উদ্বুদ্ধ করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের নিয়েও কলেজ কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ রয়েছে। আর্থিক ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হয়, তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা গেলে কলেজটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। এতে ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।
কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ আগামী দিনেও নারী শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট