
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়া এলাকার কদবেলতলা নামক স্থান থেকে নুরে আলম কাগজী (নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত নুরে আলম কাগজী ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার বাসিন্দা আফসার আলী কাগজীর ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তবে কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি ও সিআইডির সদস্যরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।