
মোঃপনির খন্দকার।
স্টাফঃ রিপোটার।
‘এ দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে। আগামী দিনে যেকোনো বিপদে-আপদে আমাকে পাশে পাবেন।’ দুর্গাপূজার মহানবমী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এ আশ্বাস দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নাগরী, তুমলিয়া ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পূজামণ্ডপে বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। এ দেশ সবার। সবারই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, ‘আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই।’
বিশ্বজুড়ে সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, এমন পরিস্থিতিতেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদ্যাপন করতে পারছেন। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূইয়া, জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান এবং উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন ও সাধারণ সম্পাদক জীবন ধর।
এ সময় নাগরী ও তুমলিয়া ইউনিয়ন বিএনপির নেতারা, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।