
চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে এক খামারির দুটি মহিষ হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের সাঙ্গু নদীর চরে এ ঘটনা ঘটে।
গত রোববার সকালে ক্ষতিগ্রস্ত খামারি শফিউল আজম তার মহিষের খামার দেখতে গেলে দুটি মহিষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, শফিউল আজমের মালিকানাধীন মহিষগুলোর মধ্যে দুটি মহিষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত মহিষ দুটির অণ্ডকোষ কেটে দেওয়া এবং মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ করেছেন খামারি।
শফিউল আজম জানান, গত শনিবার সন্ধ্যায় তিনি বাড়ির কাছের সাঙ্গু নদীর তীরে গড়ে ওঠা চরে তার মালিকানাধীন ২০টি মহিষ রেখে আসেন। পরদিন রোববার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পান। তার দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মহিষ দুটি হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।
এদিকে, ঘটনার বিষয়ে শফিউল আজমের ছেলে মো. নাজিম (২৭) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, বরুমচড়ার ভরাচরে দুটি মহিষ হত্যার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মহিষ হত্যার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পূর্বশত্রুতা রয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।