
রিপোর্টার তাসলিমা
জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের চকপাড়া ও বড়ভিটা গ্রামের সংযোগস্থলে বংশাই নদীর ওপর নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছানোয়ার হোসেন সোহাগ। তার এই জনকল্যাণমূলক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার জোয়ার বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকপাড়া এবং ২ নং ওয়ার্ডের বড়ভিটা গ্রামের সংযোগস্থলে বংশাই নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি নড়বড়ে বাঁশের সাঁকো ছিল, যার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে দুই পাড়ের মানুষ যাতায়াত করত। সম্প্রতি সাঁকোটি ভেঙে গিয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাটিতে একটি স্থায়ী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি; মিলত কেবল বিভিন্ন প্রলোভন ও প্রতিশ্রুতি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইজেড) সংলগ্ন হওয়ায় প্রতিদিন এই পথ দিয়ে শত শত সাধারণ মানুষ ও শ্রমিককে যাতায়াত করতে হয়, ফলে তাদের দুর্ভোগ ছিল চরমে।
জনসাধারণের এই চরম দুর্ভোগ লাঘব করতে এগিয়ে আসেন মো. ছানোয়ার হোসেন সোহাগ। তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে সেখানে একটি মজবুত কাঠের সেতু নির্মাণ করেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আনুষ্ঠানিকভাবে সেতুটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি চালু হওয়ায় দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে এবং স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে।
জানা গেছে, শুধু সেতু নির্মাণই নয়, দিগপাইত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তাগুলো ইতিমধ্যে নিজ উদ্যোগে ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করেছেন ছানোয়ার হোসেন সোহাগ। এসব জনহিতকর কাজের কারণে পুরো ইউনিয়নজুড়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এবং সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনের আগেই এমন ব্যতিক্রমী সমাজসেবামূলক কাজ করায় এলাকার ভোটারদের মনে তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ইউনিয়নবাসী কাকে তাদের অভিভাবক হিসেবে বেছে নেন।morningbd.news jamalpur