
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৪৬৫ টাকাসহ সেলিম সিকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা হাওলাদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেলিম সিকদারের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪০ হাজার ৪৬৫ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সেলিম সিকদার ঝালকাঠি পৌরসভার বিকনা এলাকার মৃত হারুন সিকদারের ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে সেলিম সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।