1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বারান্দায় ছিল না নিরাপত্তা গ্রিল, পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর।

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম
চট্টগ্রাম।

আনোয়ারায় মর্মান্তিক দুর্ঘটনা, ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির বাসিন্দা মোহাম্মদ দিলোয়ারের ছেলে। জীবিকার তাগিদে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি সবার অগোচরে বারান্দায় চলে যায়। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো লোহার গ্রিল না থাকায় একপর্যায়ে সে পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বহুতল ভবনের বারান্দায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি বহুতল ভবনের বারান্দায় নিরাপত্তা গ্রিল ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট