
ইশতিয়াক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় মোবাইল ফোন, ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় আটক দুইজনের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩,২৪,৪৮৯ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৩ জন আসামিকে আটক এবং ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি মোবাইল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি মোবাইল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।