
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বিষাক্ত সাপের দংশনে তামিম হোসেন (৭) নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত তামিম হোসেন উপজেলার সোহাসা গ্রামের সৌদি প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। সে সোহাসা সরকারি সূর্যমুখী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম নানাবাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পটল ক্ষেতে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।