
জাহাঈীর আলম জামালপুর প্রতিনিধি |
জামালপুরের নুরুন্দি রেল স্টেশন এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
অদ্য শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে জামালপুর রেলওয়ে থানাধীন নলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে কোনো অনুমোদিত রেলগেট বা গেটম্যান নেই, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা (নং-১৬/২৬) দায়ের করা হয়েছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন পারাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল