1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত শতাধিক যাত্রী; তদন্তে কারণ অনুসন্ধান

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত যাত্রী ছিল। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক যাত্রী ছিটকে পড়ে আহত হন। কারও হাত-পা ভেঙে গেছে, আবার অনেকের মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে রেললাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) উড়ানো ছিল। তবে ট্রেনচালক সেটি উপেক্ষা করায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তাদের ধারণা।
আহতদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন জানান, এ পর্যন্ত ৫০ জনের বেশি আহত রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১৮ থেকে ২০ জন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, যাদের কারও হাত-পা ভাঙা এবং কারও মাথায় আঘাত রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট