
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই সমাজে বসবাস করতে হবে উল্লেখ করে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, এ দেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বর্তমান সরকার পাশে রয়েছে। তাঁদের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান ও শ্রদ্ধা রয়েছে। সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করতে চাই। যেকোনো বিপদ-আপদে তাঁকে পাশে পাওয়া যাবে।
সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এদিন নোয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে বক্তব্য দেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ অন্যরা।
ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন—এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। উৎসবের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেও ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পূজামণ্ডপগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও মাঠে থেকে সহযোগিতা করছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।