
আবু হানিফ,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মনোরঞ্জন পাহান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর পাহানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন পাহান ওই গ্রামের মৃত শুধু পাহানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৭টার দিকে মনোরঞ্জন পাহান মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। দিনভর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয় আঃ রউফ পিন্টুর আবাদি জমিতে পানির মধ্যে জাল হাতে মনোরঞ্জন পাহানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।
খবর পেয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ঘটনাটি অবগত হন। পরে তিনি এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।