
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী সাংবাদিক নুর হোসেন। রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালতের বিচারক তাররাহুম আহমেদ আবেদনটি মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন—পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম. সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।
জানা যায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল বলে উপলব্ধি করেন বাদী। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং পেশাগত ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কায় তিনি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার আদালতের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হওয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে ওই মামলার চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটেছে।
এদিকে, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত মর্যাদা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাদী নুর হোসেন। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানান তিনি।