1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

নওগাঁয় রাতের আঁধারে অনলাইন জুয়ার আসর, আটক ৬

মুজাহিদ হোসেন,বিশেস প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেস প্রতিনিধি:
রাত গভীর। একটি বাড়িতে বসেছে অনলাইন জুয়ার আসর। মোবাইল ফোনেই চলছিল জুয়ার খেলা, পাশাপাশি হচ্ছিল অর্থ লেনদেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় ছয়জনকে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাস নওগাঁ এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে WINBD, KG999, BD89, CK444, 54BD ও CK44-এর মতো অনলাইন ক্যাসিনো/জুয়ার অ্যাপের তথ্য পাওয়া গেছে। এছাড়া Binance ও CHIME-এর মাধ্যমে ই-মানি লেনদেনের আলামতও পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার ভোলার পালশা গ্রামের মোস্তাফা শাহরিয়ার (২৭), নওগাঁ শহরের ইঁদুরবটতলী এলাকার হাকিম আল কবির (৩৭), বদলগাছীর চকবোয়ালি গ্রামের আল শাহরিয়ার তমাল (১৮), খাস নওগাঁ এলাকার সায়েম বাবু (১৮), বদলগাছীর কেশাইল গ্রামের আরমান হোসেন (১৮) এবং খাস নওগাঁ ঈদগাহ মাঠ এলাকার মাসুদ রানা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে দয়ালের মোড়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খাস নওগাঁর ওই বাড়িতে অনলাইন জুয়ার আসর বসার খবর পায় পুলিশ। পরে দ্রুত সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পুলিশের এজাহারে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জন পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মোবাইল ফোন ও ই-মানির মাধ্যমে অনলাইন জুয়া খেলা ও পরিচালনা করতেন। শুধু নিজেরাই জুয়া খেলতেন না, তরুণ ও সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করারও চেষ্টা করতেন বলে অভিযোগ পুলিশের।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে আরও কারা জড়িত এবং অর্থ লেনদেনের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট