
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
সভায় মো. আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ বিষয়ে জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা বাড়ানোই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর এবং ফায়ার ফাইটার মাহফুজ, সাকিব, রাবিদ, মামুন ও ফারুক। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।