
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় দুটি মোটরসাইকেলে থাকা ছয় আরোহীকে জিম্মি করে ডাকাতরা। পরে হাসুয়া ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬) ও তাঁর ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।