
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডা. অসীম কুমার সাহা ঝালকাঠি ও আশপাশের এলাকার মানুষের কাছে দীর্ঘদিন ধরে একজন আস্থাভাজন শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। শিশুদের চিকিৎসাসেবায় দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তার আকস্মিক অসুস্থতার খবরে ঝালকাঠির চিকিৎসক সমাজ, রোগী ও স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে ডা. অসীম কুমার সাহার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী, রোগী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।