
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটিতে প্রায় দুই বছর আগে জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সিদ্ধকাঠি এলাকায় অভিযান চালিয়ে মনির হাওলাদার ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি জিআর-১৪ (ঝাল.) মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।