
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সদর থানার শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গোরস্থানের ভেতরে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে একটি কালো কাপড়ের ব্যাগ তল্লাশি করে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেট থেকে মোট ১ দশমিক ০৩৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।