
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। এ মামলার এফআইআর নম্বর ৯।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।