
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এ প্রতিপাদ্য এবং “স্বপ্নের পথে, বিজয়ের সাথে”-এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে উদীয়মান শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের সর্ববৃহৎ আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর ফুটবল প্রতিযোগিতা।
গত ৫ নভেম্বর বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর, কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাইদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনীর দিনে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বনাম ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ। দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
খেলা উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাইদ বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড়রা উঠে আসার সুযোগ পাচ্ছে, যা জাতীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা সুরভী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলী জিন্নাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর থানার সাব ইন্সপেক্টর মো. কবির, আনসার ভিডিপি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. নাজমুল হাসান নাজিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন আল রশীদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার এই উদ্যোগ কুলিয়ারচরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।