
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস আর অতিথিদের দিকনির্দেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে নবীনবরণ অনুষ্ঠান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বণিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
কলেজের প্রভাষক অন্তর হোসেন রানা ও নুসরাত জাহান মুনা-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা। এ সময় নবীনদের মাঝে নতুন শিক্ষাজীবন নিয়ে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফল অর্জন নয়, একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিল।