
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপসহ প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালি মোড়ে অবস্থিত সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫ থেকে ৬ জনের একটি দল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
পরে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায় অভিযান চালায়। এ সময় রমজান ও মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলতাব হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার মিলন মিয়া ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯ নম্বরের একটি ট্রাক, ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬ নম্বরের একটি পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনকে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।