শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলাম (৫৫) সহ ৮জনের প্রানহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও কুলিয়ারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
আব্দুল লতিফ সহ অন্তত ২৫ জন।
আজ ৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাস ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৮জন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলামও রয়েছেন। আহতের মধ্যে গুরুতর অবস্থায় কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ঠিকাদার মো. সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সি বাড়ি গ্রামের মরহুম মো. শাফি উদ্দিনের বড় ছেলে এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক। তিনি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে সিলেট ভ্রমণে গিয়েছিলেন।
গুরুতর আহত মো. ফারুকুল ইসলাম ফারুক কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা এবং আব্দুল লতিফ একই পৌর এলাকার বাসিন্দা।
ওসমানীনগর থানা থেকে জানানো হয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে অন্যান্য নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় সনাক্তের কাজ চলছিল।
সড়ক দূর্ঘটনায় কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলামসহ ৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এছাড়া তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাশাপাশি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক-২ মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন সহ দলীয় নেতাকর্মীরা সড়ক দূর্ঘটনায় নিহত ঠিকাদার মো. সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের দ্রুত সুস্থতা কামনা করেন।