জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
সার সংকটে যখন দেশের বিভিন্ন এলাকার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে প্রকৃত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জামালপুরের বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ।
কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের বাড়ি বাড়ি গিয়ে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিচ্ছেন তিনি। এতে সার সংকটের সময় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সার সংকট ও অতিরিক্ত দামের কারণে অনেক কৃষক সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ বলেন, “কৃষক যাতে ন্যায্য মূল্যে সার পান এবং সার সংকটের কারণে কোনো ফসলের ক্ষতি না হয়, সেজন্যই আমরা কৃষকের পাশে থাকব। প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের প্রয়োজন অনুযায়ী সার পাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি।”
কৃষকদের স্বার্থে মাঠপর্যায়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
কৃষকরা বলছেন, সার সংকটের সময়ে সরকারি নির্দেশনা ও কৃষি বিভাগের সহযোগিতার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের মানবিক উদ্যোগ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।