কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাংবাদিক ও তৃণমূল জানালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার চাপির তলা গ্রামের চৌধুরী বাড়িতে—যা আরিফুর রহমানের শ্বশুরবাড়ি—দেলোয়ার হোসেন দিলু নামে এক ব্যক্তি ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগীসহ উপস্থিত হয়। তারা বাড়িতে প্রবেশ করে আরিফুর রহমানের পরিবারের সদস্যদের কাছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পাওনার দাবি তোলে এবং জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা চালায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাবিকৃত অর্থ প্রদান না করলে অভিযুক্তরা মারাত্মক পরিণতির হুমকি দেয় এবং একপর্যায়ে সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার আরেকটি উদ্বেগজনক দিক হলো, অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক আরিফুর রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে একটি আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, একজন সাংবাদিক নেতার পরিবারকে লক্ষ্য করে এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
চৌদ্দগ্রাম থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।
এদিকে, তৃণমূল জানালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক আরিফুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।