সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (১৭ জুন) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের সড়কে একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০)কে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক, মোবাইল ফোন ও সিরাপের মোট সিজার মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনের মোট মূল্য ২ লাখ ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, দুটি অভিযানে জব্দকৃত ট্রাক, ২ হাজার ৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোনের সর্বমোট সিজার মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
আটককৃত দুই আসামি, জব্দকৃত ট্রাক, মাদকদ্রব্য ও মোবাইল ফোনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”