সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-ইউবি) হরেন্দ্রনাথ দেবদাশ পেয়েছেন ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ সম্মাননা। মাদকবিরোধী অভিযান, বিশেষ অভিযান পরিচালনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
শিবগঞ্জ থানা পুলিশের বিভিন্ন অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনাসহ মাদকবিরোধী কার্যক্রম এবং বিশেষ অভিযান পরিচালনায় দক্ষতা ও সাফল্য দেখান এসআই হরেন্দ্রনাথ দেবদাশ। এসব কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
একই অনুষ্ঠানে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানও থানার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন।
সম্মাননার ক্রেস্টে ইংরেজিতে ‘We Served Together’ লেখা রয়েছে। পাশাপাশি এতে এসআই হরেন্দ্রনাথ দেবদাশের নাম, পদবি ও শিবগঞ্জ থানার পরিচয় উল্লেখ করা হয়েছে।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সম্মাননা শিবগঞ্জ থানা পুলিশের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।