আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলে আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ধারারচর গ্রামের মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মনির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মকবুল হোসেন।