সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় রাজু গাইনের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘরে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হাজিরহাট গ্রামের নুরু হাওলাদারের ছেলে ইয়াসিন (২৫), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খানের ছেলে রাকিব (২৩), নৈকাঠি গ্রামের সুলতানের ছেলে এমাদুল (৪০), লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৬) এবং হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনকে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আটক অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজারের আশপাশের কয়েকটি পরিত্যক্ত স্থাপনা ও নির্জন স্থানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে আসছিল। প্রশাসনের এ অভিযানের ফলে ওই এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।