শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাদিস মিয়া হাদিস নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে এবং হত্যা কান্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে।
শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিহত জাহাঙ্গীরের বাড়ির সামনেই এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা স্থানীয় সাংবাদিকদের জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির অদূরে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. আনন্দ বসাক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি দুই হাতে ভয়াবহ জখমের চিহ্ন রয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরা এ হত্যাকাণ্ডে জড়িত। তবে তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের এবং আতংকের সৃষ্টি করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায় ইতোমধ্যে
উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১। মো: হেলাল (২৫), পিতা- মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ২। মোঃ মহিন উদ্দিন (৩২),পিতা-মোঃ নূর, হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-দুধরাজপুর, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুর এবং ৩। মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা -রহমত উল্লাহ ওরফে খোকন, সাং-মধ্যপাড়া, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুরদেরকে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছ।