শেখ জাহিদ, ঝালকাঠি
রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই হবে আমার সবচেয়ে বড় অর্জন। এক সাক্ষাৎকারে দৈনিক খোলা কণ্ঠকে এভাবেই নিজের ভাবনার কথা বলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নথুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ রেজাউল করিম।
তিনি বলেন, মানুষের বিশ্বাস ও ভালোবাসার মূল্য কোনো পদ পদবির চেয়ে অনেক বেশি। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সততা, আন্তরিকতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের পাশে থাকতে চান তিনি।
সৈয়দ রেজাউল করিম বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মূল চেতনা মানুষের অধিকার, সুশাসন, জবাবদিহি ও জনকল্যাণ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। মানুষের প্রত্যাশাকে সম্মান জানিয়ে একটি আধুনিক, মানবিক ও উন্নয়নমুখী নথুল্লাবাদ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয়, যখন একজন কৃষক তার ন্যায্য মূল্য পান, একজন শিক্ষার্থী সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, একজন বয়স্ক মানুষ সম্মান পান, একজন অসহায় মানুষ বিপদের সময় পাশে কাউকে খুঁজে পান এবং তরুণরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পায়।
নথুল্লাবাদ ইউনিয়নের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষের স্বপ্ন, শ্রম ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলা সম্ভব। মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
দেশপ্রেমের প্রসঙ্গে সৈয়দ রেজাউল করিম বলেন, 'দেশকে ভালোবাসা মানে নিজের এলাকার মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করা। মানুষের কল্যাণে নিবেদিত থেকে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে পারলে সেটিই হবে আমার দেশপ্রেমের সবচেয়ে বড় প্রকাশ।
সাক্ষাৎকারের শেষদিকে তিনি বলেন, 'আমি বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মানুষের প্রত্যাশা বাড়াতে চাই না। আমি চাই আমার কাজই আমার পরিচয় হয়ে উঠুক। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং সব সময় সেবার মানসিকতা নিয়ে কাজ করাই আমার অঙ্গীকার। মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।