জাহাঙ্গীর আলম |
জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচে ব্রহ্মোত্তর স্পোর্টিং ক্লাবকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নলকুড়ি স্পোর্টিং ক্লাব। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে মাছপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান কবির শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কেরামত আলী, সাধারণ সম্পাদক মইনুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব, সাবেক ছাত্রনেতা রহিম এবং ইমদাদুল হক মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে সুফিয়ান কবির শিপন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তাঁর মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নলকুড়ি স্পোর্টিং ক্লাব ও ব্রহ্মোত্তর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে নলকুড়ি স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
রেফারির বক্তব্যে নিরপেক্ষতা ও সম্প্রীতির আহ্বান
খেলা শেষে রেফারি মিম তাঁর বক্তব্যে বলেন, “আজকের ফাইনাল ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দুই দলই অসাধারণ ক্রীড়াশৈলী ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দিয়েছে। জয়-পরাজয় খেলারই অংশ। একটি দল বিজয়ী হয়েছে, অন্য দল পরাজিত হয়েছে—তবে উভয় দলই সম্মানের দাবিদার।”
তিনি আরও বলেন, রেফারি হিসেবে তাঁর দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করা এবং নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন নিরপেক্ষতা বজায় রাখতে। কোনো সিদ্ধান্তে কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকলে খেলার নিয়ম ও পরিস্থিতির আলোকে তা বিবেচনা করার আহ্বান জানান তিনি। রেফারি মিম মাঝপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজক কমিটি, বিশেষ করে রাজন মাহামুদ ও তাঁর সহযোগীদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিজয়ী দলকে অভিনন্দন এবং রানার্সআপ দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অন্যায় ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন প্রবাসজীবন শেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।