মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় ছাগল চুরির ঘটনায় এক নারীসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় চুরি হওয়া একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোচার্জার টমটম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. নাজমা (৪০) আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ছাগল বিকেলে বাড়ির পাশ থেকে চুরি হয়ে যায়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য ছাগলটি একটি অটোচার্জার টমটমে তুলে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।
পরে চোর চক্রটি বারাতৈল এলাকায় পৌঁছালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন টমটমটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয়। পরবর্তীতে স্থানীয়রা ছাগলসহ তিনজনকে আটক করে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
আটককৃতরা হলেন— সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮) ও মোছা. জেসমিন আক্তার (২৫)। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে বদলগাছী থানাকে অবহিত করেন। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেন। এ সময় চোরাই ছাগল ও ব্যবহৃত অটোচার্জার টমটমটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।