মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ দেশের নবগঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী সোমবার (৮ জুন)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, GST (গুচ্ছ) ভর্তি পরীক্ষার পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী A, B ও C ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম আগামী ৮ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চয়নের জন্য ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমা দিতে হবে।
এছাড়া এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে সশরীরে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, A, B ও C ইউনিটের শিক্ষার্থীরা আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় ওই রশিদ প্রদর্শন করতে হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, “নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।