মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. সিরাজুল ইসলাম (৪০), দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে এবং তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম ও ডলি খাতুনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।