আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে এক ওয়ার্ড বিএনপি সভাপতির খড়ের গুদামে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার খড় পুড়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী। তিনি অভিযোগ করেছেন, এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রেজাউর রহমান রেজা (৩৫) পঞ্চগড় সদর উপজেলার ৯ নম্বর মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি উপজেলার আয়মাঝলই গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার এলাকায় কিছু ব্যক্তি মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি স্থানীয় সচেতন মানুষদের নিয়ে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, গত ১৯ জুলাই, রোববার রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়ির উত্তর পাশে টিনশেড ঘরে রাখা খড়ের গাদায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। রাত প্রায় ৩টা ২০ মিনিটে স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরে থাকা বিপুল পরিমাণ খড় সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়েছে, এই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, আবেদুল ইসলাম ও ফরিদুল ইসলামসহ আরও অনেকেই বিষয়টি অবগত রয়েছেন।
মো. রেজাউর রহমান রেজা বলেন, “আমি এলাকার মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি চক্র আমার ওপর ক্ষুব্ধ ছিল। আমার দৃঢ় বিশ্বাস, তারাই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি।”
তিনি আরও জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর থানায় অভিযোগ দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।