নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। যোগ্য ও প্রকৃত দাবিদারদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নিয়োগপ্রত্যাশী ও স্থানীয়রা। সোমবার (১০ আগস্ট) এসব অভিযোগের প্রতিবাদে নাচোলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মোঃ আসগার হাসান (রোমিও) এবং নাচোল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভকারীরা নাচোল উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করা হয়েছে বলে দাবি তাদের। তাদের আরও অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব যদি বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে সংগৃহীত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। তারা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত যোগ্যদের ন্যায্য সুযোগ দেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীরা আরও দাবি করেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিতর্কিত ফলাফল বাতিল বা পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিতে হবে। বিক্ষোভে নেতৃত্বদানকারী মোঃ আসগার হাসান (রোমিও) এবং নাচোল উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের অধিকার ও ন্যায্যতার প্রশ্নে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিষয়টি নিয়ে সোচ্চার থাকবেন।