সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে শালিশ বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত রিপন হোসেন (৩৮) ও তার স্ত্রী সোহেলী বেগম (২৭)কে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলে আলী খানের বাড়িতে জমি-সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশ বৈঠক বসে। বৈঠক শেষে সবাই নামাজ পড়তে গেলে রিপন হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
আহতদের স্বজনদের দাবি, পৈতৃক সূত্রে পাওয়া টিনের ঘরসহ তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ফজলে আলী খানের ছোট ছেলে ওই জমি ও ঘর রিপন হোসেনের কাছে বিক্রি করেন। এরপর বিষয়টি নিয়ে ফজলে আলী খানের মেঝ ছেলে বাবুল হোসেন খান ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা করেন বলে অভিযোগ পরিবারের।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় এ বিরোধের মীমাংসার জন্য শালিশ বৈঠক বসে।
একপর্যায়ে বৈঠক শেষে সবাই নামাজ পড়তে গেলে রিপন হোসেনকে একা পেয়ে বাবুল হোসেন খান, তার ছেলে মো. আল আমিন খান, স্ত্রী আয়শা বেগম, শারমিন, নিশিসহ কয়েকজন হামলা চালিয়ে মারধর করেন। এ সময় রিপন হোসেন আহত হলে তার চিৎকার শুনে স্ত্রী সোহেলী বেগম এগিয়ে আসেন। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহতদের পরিবার নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে বাবুল হোসেন খান ও তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।