মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি কাজে বাধা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মোবাইল কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ, পেশকার ও গ্রাম পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—সমাসপাড়া এলাকার করম আলী শেখের ছেলে মান্নান শেখ, ইয়ানুস শেখের ছেলে মো. রাব্বি শেখ এবং মৃত আব্দুল আজিজের ছেলে মো. মাহাতাব আলী। তাদের মধ্যে মান্নান শেখকে এক বছর, মো. রাব্বি শেখকে ছয় মাস এবং মো. মাহাতাব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। এ সময় বর আল আমিন এবং কনের বাবা-মাকে বিয়ে বাড়িতে উপস্থিত হতে বলা হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও বর ও কনের পক্ষের লোকজন উপস্থিত না হওয়ায় বর ও কনেকে আটক করা হয়।
পরে তাদের নিয়ে প্রশাসনের গাড়ি বিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বরের পরিবারের লোকজনসহ প্রায় ২৫ থেকে ৩০ জন গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা আটক বর-কনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং মোবাইল কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, পেশকার ও গ্রাম পুলিশের কাজে বাধা দেওয়ার পাশাপাশি হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি আত্রাই থানার অফিসার ইনচার্জকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বর-কনেসহ প্রথমে তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে আরও চারজনকে আটক করে পুলিশ।
রাতে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরের বাবা মো. ইয়ানুস শেখকে ২০ হাজার টাকা এবং কনের বাবা জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাল্যবিবাহের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ ছাড়া সরকারি কাজে বাধা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, পেশকার ও গ্রাম পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”