মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলসুম নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মমতাজ জাহান নামে অপর এক শিক্ষিকা। একই দিন প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শোক সহ্য করতে না পেরে তাসনিম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মে কুলসুম বদলগাছী পৌর এলাকার দুর্গাপাড়া মহল্লার বাসিন্দা এবং লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়-এর সহকারী শিক্ষক ছিলেন। নিহত শিক্ষার্থী তাসনিম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মমতাজ জাহানও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই উম্মে কুলসুম মারা যান এবং গুরুতর আহত হন মমতাজ জাহান।
পরে স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
এদিকে শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাসনিমের বাবা আবুল কালাম জানান, “ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখেই আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, “হঠাৎ মানসিক আঘাত বা আকস্মিক ঘটনায় কেউ জ্ঞান হারাতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
বদলগাছী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন