মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাকসো ব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট জেলার সদর উপজেলার আবাদপুর গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর প্যারাহাটি গ্রামের জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর রহমানের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো. হাসান (৩০), বগুড়ার গাবতলী উপজেলার লাংলু দক্ষিণপাড়া গ্রামের আনারুল হকের ছেলে মো. রনি এবং একই গ্রামের মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহলদল সান্তাহার ঢাকা মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ১০-১২ জনের একটি দল সাহাপুর এলাকায় গরুর ট্রাকসহ অন্যান্য মালবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হলে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়া তারা মাটির নিচে স্থাপিত বিটিসিএলের ইন্টারনেট তার চুরির সঙ্গেও সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, সড়কে ডাকাতি প্রতিরোধ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।