মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত কর্মকর্তার নাম নাজিম উদ্দীন। তিনি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালেই প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন রেজাল্ট শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা বিষয়টিকে নির্বাচন বিধি লঙ্ঘন এবং সম্ভাব্য কারচুপির পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
‘ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধা ও সময় সাশ্রয়ের কথা ভেবেই আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা আমার জানা ছিল না।’
পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে বিষয়টি যাচাই করে তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।