মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা মোছাঃ ইসরাত জাহান তার পৈতৃক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে ইসরাত জাহান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতা ও সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি দাবি করেন, গত ২২ মে সকালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তার মালিকানাধীন জমিতে জোরপূর্বক ইটের বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করেন।
এ সময় তিনি বাধা দিলে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অবৈধ দখলচেষ্টা বন্ধ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ সাখাওয়াত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।