মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে ইমন জননী ছাত্রাবাসের একটি ডাবল রুমে একাই থাকতেন। পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিদিন তার যোগাযোগ থাকলেও শুক্রবার রাতে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে গিয়ে কক্ষের দরজায় ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানান। পরে তাদের সহযোগিতায় দরজা খুলে কক্ষের ভেতরে ইমনের মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।