মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে নওগাঁ জেলা পুলিশ। সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল নজরদারি এবং অপরাধের তথ্য দ্রুত বিশ্লেষণের লক্ষ্যে জেলায় চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’।
শনিবার বিকেল ৫টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য সুধী সমাবেশের মধ্য দিয়ে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেও এসেছে পরিবর্তন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রতারণা, হয়রানি, সাইবার হামলা, ভুয়া তথ্য ছড়ানোসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।
নতুন এই ল্যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ, নজরদারি এবং অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হবে। ফলে অপরাধের ধরন শনাক্তকরণ থেকে শুরু করে তদন্ত কার্যক্রমে পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া নয়, প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য অপরাধ শনাক্ত ও প্রতিরোধেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সাইবার অপরাধের ক্ষেত্রে দ্রুত তথ্য বিশ্লেষণ ও সমন্বিত নজরদারি তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করবে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নওগাঁয় এআইভিত্তিক ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব চালুর ফলে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে অপরাধের তথ্য দ্রুত বিশ্লেষণ, ডিজিটাল নজরদারি এবং সাইবার অপরাধের রহস্য উদঘাটনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।