নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম চট্টগ্রাম।
দেশের সম্পাদকদের জাতীয় পত্রিকা প্ল্যাটফরম ‘সম্পাদক পরিষদ’-এর সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
গত ২৯ জুলাই সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, পেশাগত উৎকর্ষ সাধন এবং সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় সম্পাদক পরিষদ। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা এই সংগঠনের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক মুজিবুর রহমান ২০১২ সালের ১২ ডিসেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন ‘ব্যবস্থাপনা সম্পাদক’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০১৭ সালের ১ জুন তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
দৈনিক পূর্বদেশ প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব সম্পাদকীয় নীতি ও স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। সংবাদপত্রের স্বাধীনতা, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং পেশাগত সাংবাদিকতার বিকাশে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদক পরিষদের সহযোগী সদস্য পদ লাভের পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান বলেন, “দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফরমের সদস্য হতে পেরে আমি আনন্দিত। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দৈনিক পূর্বদেশ তার সম্পাদকীয় নীতিতে সম্পাদক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে সাংবাদিকতার উন্নয়নে কাজ করে যাবে।”
চট্টগ্রামের সংবাদপত্র অঙ্গনে মুজিবুর রহমানের এই স্বীকৃতিকে পেশাগত সাংবাদিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।